ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীর নতুন সিনেমা 'সর্দারবাড়ির খেলা' মুক্তির আগেই তৈরি হয়েছে বিতর্ক। বিতর্কিত অভিযোগ— চুক্তি অনুযায়ী সম্মানী পরিশোধ না করেই সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। সে কারণে প্রচার কার্যক্রম থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অভিনেতা জিয়াউল রোশান।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০২২–২৩ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া 'পুলসিরাত' নামের এ সিনেমাটির শুটিং শেষে পরে নাম পরিবর্তন করে রাখা হয় 'সর্দারবাড়ির খেলা'।
সম্প্রতি ট্রেলার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়, আগামী ৮ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে ট্রেলার প্রকাশের পর থেকেই নায়ক-নায়িকা এবং নির্মাতাদের প্রচারে দেখা যাচ্ছে না, যা নিয়ে শুরু হয়েছে নানা প্রশ্ন বিতর্ক। সব মিলিয়ে মুক্তির আগেই সম্মানী বিতর্কে আলোচনায় এসেছে সর্দারবাড়ির খেলা, যা সিনেমাটির প্রচারকেও করেছে অনিশ্চিত।
'সর্দারবাড়ির খেলা' সিনেমা প্রসঙ্গে জিয়াউল রোশান বলেন, তিনি আট লাখ টাকার চুক্তিতে অভিনয় করেছেন এবং শর্ত ছিল— ডাবিংয়ের আগেই পুরো অর্থ পরিশোধ করা হবে। কিন্তু সেই টাকা এখনো পরিশোধ করা হয়নি। তিনি বলেন, বিষয়টি পরিচালককে জানিয়েছেন এবং সম্মানী না পাওয়ার কারণেই প্রচারে অংশ নিচ্ছেন না।
এ সিনেমার নায়িকা শবনম বুবলী বর্তমানে ঢাকায় থাকলেও সরাসরি প্রচারে অংশ নিতে পারছেন না। তিনি ভিডিওবার্তা ও সামাজিকমাধ্যমে সিনেমার প্রচারে যুক্ত থাকবেন বলে জানা গেছে।
'সর্দারবাড়ির খেলা'র পরিচালক বলেন, নায়ক-নায়িকাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা চলছে। খুব শিগগির আনুষ্ঠানিক প্রচার শুরু হবে।
অন্যদিকে প্রযোজকের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি তাদের প্রথম সিনেমা এবং কিছু আর্থিক জটিলতা তৈরি হয়েছে। তাদের দাবি— নায়কের বকেয়া শিগগিরই পরিশোধ করা হবে এবং সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে।


